Back to Activities
King's Baton Relay of 23rd Commonwealth Games, Glasgow 2026

King's Baton Relay of 23rd Commonwealth Games, Glasgow 2026

22 Feb 2026

আগামী ২৩ জুলাই হতে ০২ আগস্ট ২০২৬ পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৩তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। কমনওয়েলথভূক্ত সকল দেশে কিংস ব্যাটন নিয়ে একটি প্রতিনিধি দল ভ্রমন করেন এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ব্যাটনটির আগমন উদযাপন করা হয়। এবারে কমনওয়েলথ গেমস ফেডারেশন ব্যাটনটি বিওএ'র নিকট পূর্বেই প্রেরণ করে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৭:৩০ ঘটিকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন তথা কমনওয়েলথ গেমস এসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক একটি বর্ণাঢ্য র‌্যালী, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী এবং খেলার প্রদর্শনী আয়োজন করা হয়। বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আরম্ভ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ'র সম্মানিত সহ-সভাপতি জনাব মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Her Excellency the British High Commissioner to Bangladesh Sarah Cooke সহ বিভিন্ন কমনওয়েলথভূক্ত দেশসমূহের হাইকমিশনারগণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ মাহাবুব-উল-আলম, বিওএ'র মহাসচিব জনাব মোঃ জোবায়েদুর রহমান রানা, বিওএ'র সহ-সভাপতিগণ, উপ-মহাসচিব, বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বিওএ'র মহাপরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধিগণ, বিভিন্ন জাতীয় ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।


র‌্যালীটি আর্মি স্টেডিয়াম হতে শুরু হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং হয়ে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। র‌্যালী শেষে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয়।


অতঃপর আনুষ্ঠানিকভাবে ব্যাটন উন্মোচন পর্ব শুরু হয়। উক্ত অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার তাঁর বক্তব্যে কমনওয়েলথে ব্যাটন রীলের তাৎপর্যতা তুলে ধরেন এবং কমনওয়েলথ গেমস ফেডারেশনের মূল্যবোধগুলোকে এই প্রোগ্রামের মাধ্যমে পরিষ্ফুটিত করার জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্রুনাই দারুস সালাম এর হাইকমিশনার তাঁর বক্তব্যে এই অনুষ্ঠানে তরুণদের অংশগ্রহণকে উৎসাহিত করেন এবং বিওএ-কে কমনওয়েলথের মূল্যবোধগুলো প্রচারের জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোঃ আব্দুস সালাম তাঁর বক্তব্যে ব্যাটনটিকে ঐক্য এবং বৈচিত্রের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন, যার মাধ্যমে কমনওয়েলথভূক্ত দেশসমূহকে একীভূত করা সম্ভব হয়েছে। তিনি বাংলাদেশের কমনওয়েলথ গেমসসমূহের অর্জনগুলোকে তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন। অতঃপর ব্যাটনটি উন্মোচন করা হয়। ব্যাটন উন্মোচনের পর কারাতে, তায়কোয়ানডো এবং উশুর ক্রীড়াবিদগণ এক অনবদ্য ক্রীড়াশৈলী প্রদর্শন করেন।